বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বগুড়ায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে সরকারি আজিজুল হক কলেজসংলগ্ন এলাকায় রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে আজিজুল হক কলেজের সামনে রেললাইন অতিক্রম করছিলেন ওই নারী। এ সময় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বগুড়া স্টেশনের দিকে যাচ্ছিল। রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি ও লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাবলুর রহমান বলেন, ঢাকা থেকে বুড়িমারীগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে পিবিআই টিম কাজ করছে।
ভোরের আকাশ/ এনউব