বগুড়ায় ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তাঁর সহযোগী ও স্বজনরা। এ ঘটনায় উজ্জ্বল নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রতন ব্যাপারী নামে ২৮ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রতন ব্যাপারী ওই এলাকার বাদল ব্যাপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রতন ব্যাপারীর বিরুদ্ধে চুরি, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মঙ্গলবার দুপুরে দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ড এলাকায় টহল দেওয়ার সময় পুলিশ সদস্যরা কয়েকজনকে পকেটমারির প্রস্তুতি নিতে দেখেন। এ সময় রতন ব্যাপারীকে আটক করা হলে তাঁর সহযোগী ও আশপাশে থাকা স্বজনরা পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁরা রতনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে এ এসআই উজ্জ্বল আহত হন।
পরে অতিরিক্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রতন ব্যাপারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। আহত এএসআই উজ্জ্বলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পুলিশি তদন্তের আওতায় রয়েছে।
ভোরের আকাশ/ এনউব