চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, দপ্তরির কারাদণ্ড

শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক স্কুল দপ্তরিকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মইনুল হাসান ইউসুফ রনি এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. মাসুদ রানা শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন জানান, ২০২৪ সালের ৪ জানুয়ারি বিদ্যালয়ের ছাদে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা একই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা