মান্দায় কারাম উৎসবের মধ্যে বাড়িতে চুরি, খোয়া গেছে স্বর্ণালংকার-টাকা

নওগাঁর মান্দা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব চলাকালে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের কালিসফা কালিতলা মাঠে উৎসব চলার সময় রামপদ নামে ওই ব্যক্তির বাড়ি থেকে শাড়ি, স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কারাম উৎসবে অংশ নিতে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে নারী, পুরুষ ও শিশুরা কালিসফা কালিতলা মাঠে জড়ো হন। এ সময় বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে চুরি হওয়া মালামালের সঠিক পরিমাণ ও আর্থিক মূল্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক পরিবার দীর্ঘদিন ধরে অল্প অল্প করে টাকা জমিয়ে প্রয়োজনীয় ও শখের জিনিসপত্র কেনেন। এমন একটি আনন্দঘন উৎসবের মধ্যে বাড়িতে চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁরা চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয় সমাজসেবক আরিফ হোসেন, সোহরাব হোসেন ও আফছার আলী বলেন, কারাম উৎসবের আনন্দের মধ্যে এমন ঘটনা দুঃখজনক। তাঁরা রামপদ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, কারাম উৎসব চলাকালে এমন চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবজাল হোসেন বলেন, তিনি মৌখিকভাবে ঘটনাটি জানতে পেরেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া আক্তার বলেন, কারাম উৎসবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের আনন্দ-উৎসবের মধ্যে এমন চুরির ঘটনা দুঃখজনক। বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।
ভোরের আকাশ/সু.পা