বকশীগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ৬ বছরের শিশুর

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. রবিউল ইসলাম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম ওই এলাকার আবু সালেকের ছেলে। বুধবার সকাল থেকে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল সে। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন।
পরে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
ভোরের আকাশ/ র.ই