বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত মৌয়ালকে এক লাখ টাকা ক্ষতিপূরণ

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত মোঃ বাবুল গাজীকে এক লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। মধু আহরণ করতে গিয়ে তিনি বাঘের আক্রমণের শিকার হন।
বুধবার (১১ নভেম্বর) সাতক্ষীরা বুড়িগোয়ালিনীতে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে এ চেক প্রদান অনুষ্ঠিত হয়। ক্ষতিগ্রস্ত বাবুল গাজী জেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। খুলনা সার্কেলের বন সংরক্ষক ইমরান আহমেদ ক্ষতিগ্রস্ত ব্যক্তির হাতে চেকটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ. জেড. এম. হাছানুর রহমান, খুলনার বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম। এছাড়াও বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সুন্দরবন-সংলগ্ন জনপদের মানুষের জীবন ও জীবিকা নানা ক্ষেত্রে বনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। বিশেষ করে বনজ সম্পদের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি, মৌয়ালসহ স্থানীয় জনগোষ্ঠী জীবিকার প্রয়োজনে প্রায়ই বন্যপ্রাণীর ঝুঁকির সম্মুখীন হন।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের আর্থিক ক্ষয়ক্ষতি লাঘবে সহায়তা প্রদান এবং মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সহাবস্থান নিশ্চিত করা বন বিভাগের একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। ‘বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা, ২০২১’ অনুযায়ী এই অর্থ প্রদান করা হয়।
ভোরের আকাশ/সু.পা