অস্ত্র-মাদকসহ সন্ত্রাসী গ্রেফতারে দুই পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সফল বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের স্বীকৃতিস্বরূপ নোয়াখালীর সদর সার্কেল ও সুধারাম মডেল থানা পুলিশকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
পুরস্কারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন—নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর ও সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, সম্প্রতি সুধারাম মডেল থানা এলাকায় পরিচালিত একটি বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন, ৪০টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেলসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, সাহসী ও ফলপ্রসূ ওই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা।
নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতিটি সদস্য পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে কাজ করছেন।
তিনি বলেন, সুধারাম মডেল থানা পুলিশ ও সদর সার্কেলের এই সফল অভিযান তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপার আরও জানান, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
ভোরের আকাশ/সু.পা