গাজীপুরে গর্ভবতী নারী শ্রমিকের মৃত্যুর গুজবে বিক্ষোভ

গাজীপুরের ভোগড়া এলাকায় ফিন বাংলা অ্যাপারেলস নামের পোশাক কারখানার গর্ভবতী নারী শ্রমিক নিহত হওয়ার গুজবে বিক্ষোভ করেছেন শিল্পকারখানার শ্রমিক ও স্থানীয়রা। তবে ওই নারী শ্রমিক মারা যাননি, তার উপর হামলা করা হলেও তিনি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত রয়েছেন।
বিভ্রান্তি ও গুজব নিরসনে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওই নারী শ্রমিক নিজেই কারখানার কর্মকর্তাদের সঙ্গে গাছা থানায় উপস্থিত হয়ে তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।মঙ্গলবার রাত ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার এস.এম. শফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে থানায় উপস্থিত হয়ে ওই নারী বলেন, আমি দিলরুবা আক্তার মিলি, আমার কার্ড নাম্বার ৭৩৮৮। আমি ‘ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের’ অপারেটর। আমি মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যাহ্ন বিরতির পর অফিসে যাওয়ার পথে কিছু বহিরাগত লোকজন আমাকে হামলা করে। হামলা করার পর আমি তাদেরকে বলছি আমি প্র্যাগনেট (গর্ভবতী), আমাকে ছেরে দেন। তারা আমাকে না ছেড়ে আমার কাছ থেকে অফিসের পরিচয় পত্র নিয়ে যায়। এখন অনেকে গুজব ছড়াচ্ছে আমি মারা গিয়েছি। কিন্তু, আল্লাহ রহমতে আমি মোটামুটি সুস্থ আছি। কেউ গুজবে কান দিবেন না।
ওই নারী পোশাক শ্রমিক আরো বলেন, ছোট ছোট পোলাপান আমার উপরে হামলা করছে। তারা আমার গায়ে আঘাত করছে। আমার হাতে ধরে টান দিয়েছে। আমার আইডি কার্ড (পরিচয় পত্র) ছিনিয়ে নিয়েছে। আমি তাদেরকে বারবার বলেছি আমি প্র্যাগনেট (গর্ভবতী), তাও তারা আমাকে ছাড়ে নাই।
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করেন গর্ভবতী নারী শ্রমিক দিলরুবা আক্তার। তিনি নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়লে ২৫০-২৮০ জন শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ করেন। পরে ওই শ্রমিক নিজেই গাছা থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দুপুর ২টার দিকে মধ্যাহ্ন বিরতি শেষে ফিন বাংলা অ্যাপারেলস কারখানায় যাচ্ছিলেন। কারখানার সামনে বহিরাগত কয়েকজন লোক তাঁকেসহ অন্যান্যদের কারখানায় প্রবেশ করতে বাধা দেন। তাদের বাধা অমান্য করে কারখানায় প্রবেশ করতে চাইলে বহিরাগত লোকদের সাথে ধাক্কাধাক্কির হলে ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের সুইং অপারেটর গর্ভবতী নারী শ্রমিক দিলরুবা আক্তার মিলি ব্যাথা পেয়ে আহত হন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাটিয়ে দেয়। সে বর্তমানে সুস্থ এবং নিজ বাসায় অবস্থান করছেন।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দুপুরের এই ঘটনার জেরে কারখানার একজন গর্ভবতী নারী শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। ও্ই গুজবের খবরে সন্ধ্যা ৬টার দিকে ফিন বাংলা অ্যাপারেলসের সামনে প্রায় তিন’শ লোক জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ গুজবের সত্যতা নিশ্চিত করতে উদ্যোগ নেয়। গুজবের খবর পেয়ে নারী শ্রমিক দিলরুবা আক্তার মিলি নিজেই কারখানা কর্তৃপক্ষকে সাথে নিয়ে গাছা থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে তিনি সুস্থ আছেন বলে নিশ্চিত করেন এবং দুপুরের ঘটনার বর্ণনা করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সাধারাণ শ্রমিকদের কারখানায় প্রবেশ বাধা এবং গুজবের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
ভোরের আকাশ/সু.পা