চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকাকে ডেঙ্গু রেড জোন ঘোষণার দাবি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে বলে দাবি করেছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর পৌর এলাকাকে দ্রুত ‘ডেঙ্গু রেড জোন’ বা মহামারি এলাকা ঘোষণা করার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠনটি।
একই সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে চেম্বার ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির সভাপতি আব্দুল ওয়াহেদ। লিখিত বক্তব্যে তিনি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আব্দুল ওয়াহেদ দাবি করেন, জেলায় ডেঙ্গুতে আক্রান্তদের প্রায় ৮০ শতাংশ বাড়িতে অথবা বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। ফলে স্বাস্থ্য বিভাগের সরকারি হিসাবে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত চিত্র উঠে আসছে না বলে মনে করছে সংগঠনটি।
তিনি আরও দাবি করেন, বাস্তব পরিস্থিতিতে চেম্বারের সদস্য ওবায়দুল আজিম রিংকু এবং মাহবুবের মেয়েসহ প্রায় ৭৫ থেকে ৮০ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মৃত্যুর এই সংখ্যা ও করোনা মহামারির সময়কার মৃত্যুহারের তুলনাও সংবাদ সম্মেলনে তুলে ধরে সংগঠনটি। তবে এসব দাবির পক্ষে সরকারি বা স্বাধীনভাবে যাচাই করা পরিসংখ্যান সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, পৌরসভায় জনপ্রতিনিধি না থাকা, উন্নয়নকাজের জন্য বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি এবং পানি জমে থাকার কারণে এডিস মশার প্রজনন বাড়ছে। এতে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে তাদের আশঙ্কা।
পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ঢাকা থেকে ১৫ থেকে ২০ জন ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসককে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর জন্য সরকারের প্রতি আবেদন জানানো হয়। সংবাদ সম্মেলনে চেম্বারের নেতারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা