গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার পাঁচগাছি গ্রামের নজরুল ইসলামের ছেলে লিমন মিয়া এবং চাঁদপাড়া গ্রামের শাহীন মিয়ার ছেলে রুবেল মিয়া।
স্থানীয়রা জানান, সকালে ওই সড়কে দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলাচল করছিল। শিয়ালগাড়া এলাকায় পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান দুর্ঘটনা ও দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোরের আকাশ/জেআ