চাঁদপুরে গাছে বেঁধে দুই মাদক কারবারিকে গণধোলাই, পুলিশে সোপর্দ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সানকি গ্রামে চুরিসহ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা এবং মাদক সেবন ও বিক্রির অভিযোগে সালমান (২৭) ও কবির হোসেন (৩২) নামের দুই মাদক কারবারিকে গাছে বেঁধে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। আটককৃত সালমান উপজেলার সানকি গ্রামের মো. নোমানের ছেলে এবং কবির হোসেন একই গ্রামের মো. জাফরের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সালমান ও কবির দীর্ঘদিন ধরে ওই গ্রামসহ আশপাশের এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের পাশাপাশি চুরি এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের এসব কার্যকলাপে অতিষ্ঠ হয়ে ওঠে স্থানীয় সাধারণ মানুষ। ঘটনার দিন ক্ষুব্ধ এলাকাবাসী তাদের আটক করে গাছে বেঁধে গণধোলাই দেয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাদেক হোসেন জানান, এলাকাবাসী ওই দুই কারবারিকে হাতেনাতে আটক করে গণধোলাই দেওয়ার পর তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, আটককৃতদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হবে।
ভোরের আকাশ/এম