চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক মর্যাদা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।
সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। র্যালিটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের পেশাগত সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে শিক্ষকদের প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীলতার পরিবেশ তৈরি করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদীর উপস্থিতিতে অনুষ্ঠানে আরও অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশ্ব শিক্ষক দিবসের এসব আয়োজনকে ঘিরে দিনভর জেলার শিক্ষকদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ভোরের আকাশ/আ.র