বগুড়ায় বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু

"শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত" প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) উৎসবের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজধানী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিন দিনব্যাপী মূল জাতীয় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কেন্দ্রীয় উদ্বোধনের পরপরই বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র্যালি ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে জেলাভিত্তিক কর্মসূচির সূচনা করা হয়।
বগুড়া জেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিশু একাডেমি বগুড়ার পুনর্গঠিত পরিচালনা কমিটির মনোনীত সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নাজমা আক্তার, অ্যাডভোকেট পলাশ সরকারসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে আয়োজনের প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা পরিচালনা কমিটির মনোনীত সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন "শিশু একাডেমিটি প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তিনি এটি প্রতিষ্ঠা করায় রাজনৈতিক প্রতিহিংসাবশত বিগত সরকার এই শিশুরা যাতে বিকাশ লাভ করতে না পারে এবং একাডেমি কোনো কাজ করতে না পারে, সেজন্য শিল্পকলা একাডেমিকে দিয়ে শিশু একাডেমির কাজ করানোর চক্রান্ত চালিয়েছিল।"
তিনি আরো বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মননশীলতা ও মানবিকতা বিকাশ এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে যোগ্য করে গড়ে তোলার মূল মাধ্যম এই শিশু একাডেমি। আমরা চাই আগামী দিনে শিশুদের মননশীলতা গঠনে শিশু একাডেমিই মূল ভূমিকা রাখবে এবং শিল্পকলা একাডেমি কেবল প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করবে।"
সার্বিক কর্মসূচির বিবরণ দিয়ে বগুড়া জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সোহেল রানা বলেন "বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী, শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে ০৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত নানা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
উদ্বোধনের পর সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি পথশিশু, শ্রমজীবী, এতিম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা হয়েছে।"
তিনি আরো বলেন , শিশু, পথশিশু ও এতিমদের জন্য জুবলি ইনস্টিটিউশনসহ শহরের বিভিন্ন স্থানে ফুটবল ম্যাচ, দৌড়, রশি টানা ও বালিশ খেলার আয়োজন করা হয়েছে।
চার দিনব্যাপী এ উদযাপনে সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, গাণিতিক চর্চা ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পাশাপাশি পথশিশুদের মাঝে ক্রীড়াসামগ্রী উপহার হিসেবে দেওয়া হচ্ছে।
উলেখ্য, আগামী ১০ অক্টোবর বিকেল ৪টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সপ্তাহব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
ভোরের আকাশ/ইউএম