বাকৃবিতে বাউরেসের বিদায়ী ও নবনিযুক্ত পরিচালকদের সংবর্ধনা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)-এর বিদায়ী পরিচালক ও সহযোগী পরিচালকের বিদায় সংবর্ধনা এবং নবনিযুক্ত পরিচালক ও সহযোগী পরিচালকের বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় বাউরেস সভাকক্ষে এ সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক ড. মোহাম্মদ মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, নবনিযুক্ত বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান, সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. কে. এম. আদহামসহ আমন্ত্রিত শিক্ষক ও কর্মকর্তারা। বাউরেস কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করেন।
অনুষ্ঠানে বাউরেসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত হয়ে বিদায়ী পরিচালক ও সহযোগী পরিচালকের দীর্ঘদিনের অবদানের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে নবনিযুক্ত পরিচালক ও সহযোগী পরিচালককে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়।
এ ছাড়া বিদায়ী ও নবনিযুক্ত পরিচালক এবং সহযোগী পরিচালককে বাউরেস পরিবারের পক্ষ থেকে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বিদায়ী পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান তাঁর দুই বছরের দায়িত্বকালীন বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। তিনি ভবিষ্যতে বাউরেসের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে বাউরেসের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিদায়ী পরিচালকের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং নবনিযুক্ত পরিচালকের নেতৃত্বে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভোরের আকাশ/সু.পা