তিতাসের গ্যাস লাইনে অবৈধ সংযোগের ঘটনায় মামলা, আটক ২

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তিতাস গ্যাসের ৪ ইঞ্চি ব্যাসের ১,০০০ পিএসআইজি হাই-প্রেশার লাইনে অবৈধ সংযোগ স্থাপনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, কটিয়াদী থানাধীন এলাকায় একটি চুনাপাথর কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়েছিল। অতিরিক্ত চাপের কারণে সংযোগস্থল থেকে গ্যাস লিকেজ শুরু হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ গ্যাসের অপচয়ও হচ্ছিল।
এ ঘটনার পর গত ৩ আগস্ট কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা-এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে তিতাস গ্যাসের জোবিআই-কিশোরগঞ্জ, আঞ্চলিক অপারেশন বিভাগ এবং আঞ্চলিক প্রশাসন ও লিগ্যাল বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এ সময় ঘটনাস্থল থেকে অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।
পরবর্তীতে তদন্তের ভিত্তিতে ৪ আগস্ট কটিয়াদী থানায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্তদের মধ্যে সংশ্লিষ্ট চুনাপাথর কারখানার সঙ্গে সংশ্লিষ্ট দুই জমির মালিককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সুলতান উদ্দিন আকন্দ ও মো. সুমন মিয়া।
এদিকে, মামলার অপর আসামি চুনাপাথর কারখানার মালিককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গত ৫ আগস্ট গ্যাস লিকেজের স্থানটি মেরামত করা হয়েছে। বর্তমানে ওই এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে।
ভোরের আকাশ/জেআ