ফুলেল অভ্যর্থনায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মাগুরায় উষ্ণ সংবর্ধনা

ফুলের মালা ও ভালোবাসায় সিক্ত করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এবং মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী-কে বরণ করে নিলেন মাগুরাবাসী।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ওয়াবদা গড়াই সেতুর সামনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে স্বাগত জানান। একই সময়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।
পরে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নেতৃবৃন্দ মাগুরা সার্কিট হাউজে পৌঁছান। সেখানে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর পক্ষ থেকে মন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। সার্কিট হাউজ হলরুমে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সমাজ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি ও মাদক পাচার নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি মাগুরার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, বাঙালি সংস্কৃতির মূলধারা পুনরুদ্ধারে সরকার কাজ করছে। মাগুরাসহ সারা দেশে সাংস্কৃতিক অঙ্গনে যাদের অবদান রয়েছে, তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে।
ভোরের আকাশ/এসএইচ