ডেঙ্গু প্রতিরোধে কমলনগরে জামায়াতের জনসচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ঘোষিত জনসচেতনতা সপ্তাহের অংশ হিসেবে লক্ষ্মীপুরের কমলনগরে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলনগর উপজেলা শাখা।
সোমবার (১২ অক্টোবর) সকালে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি শেষে হাসপাতালের আন্তঃবিভাগ ও বহির্বিভাগের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগী এবং তাঁদের স্বজনদের হাতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা ও লিফলেট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি এ আর হাফিজউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এ আর হাফিজউল্লাহ বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে জরুরি। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ঘরের আঙিনায় জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, ডাবের খোসা ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে একযোগে কার্যকর ভূমিকা রাখতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার জামাল উদ্দিন, উপজেলা প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান মান্না, জেলা নির্মাণ শ্রমিক সভাপতি ডা. ইউছুফ, কমলনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী মোশারফ হোসেন ছোটন, চর লরেন্স ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন, জামায়াত নেতা আক্তার হোসেন এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সচেতনতা বৃদ্ধি পাবে এবং এলাকা থেকে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে হ্রাস পাবে।
ভোরের আকাশ/ এনউব