শেরপুরে নানা আয়োজনে কন্যাশিশু দিবস উদযাপন

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু। প্রধান আলোচক ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা। এ ছাড়া বক্তব্য দেন সাংবাদিক ইফতেখার আলম ফরহাদ।
এ সময় সাংবাদিক সৌরভ অধিকারী শুভ, অফিস সহকারী আব্দুল আলীম, জেসমিন আক্তারসহ বিভিন্ন সমিতির সভানেত্রী, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করতে হবে। কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার পাশাপাশি তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, কন্যাশিশুদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ভোরের আকাশ/সু.পা