রাজশাহীতে অনুমোদনহীন কেক উৎপাদন করায় বেকারিকে জরিমানা

রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রোজা বেকারিকে এ জরিমানা করেন।
বিএসটিআই সূত্রে জানা যায়, রোজা বেকারি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহার করা হচ্ছিল।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন ও নিরাপদ খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/রই