গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আলাউদ্দিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোপা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ খানের ছেলে। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, সকালে মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল যুবক আলাউদ্দিন। এসময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/ র.ই