মাগুরায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

মাগুরার মহম্মদপুরে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
ভুক্তভোগী নারী সাবিনা খাতুন (৩৩) উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. শফিকুল ইসলামের স্ত্রী। সোমবার (৫ জানুয়ারি) রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তিনি এ নির্মম ঘটনার শিকার হন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে সাবিনা খাতুন মহম্মদপুর থানাধীন গোপালপুর গ্রামের মেসবার ইটভাটার মোড়ে যানবাহন থেকে নামেন।
এ সময় আগে থেকেই ওত পেতে থাকা গোপালপুর গ্রামের মোস্তফার ছেলে সানি (২০), জাহিদুল ইসলামের ছেলে মো. স্বাধীন (২২), কাউসার আলীর ছেলে মো. রুবেল (২৫) এবং মোক্তার হোসেনের ছেলে মো. সুমন (২৫) তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
অভিযুক্তরা সাবিনাকে সানি’র মালিকানাধীন একটি মেহগনি বাগানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে রাত সাড়ে ১১টার দিকে তার ইচ্ছার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী নারী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে মঙ্গলবার দুপুরে তিনি মহম্মদপুর থানায় উপস্থিত হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
খবর পেয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামান তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সানি (২০) ও মো. স্বাধীন (২২)-কে গ্রেপ্তার করেন। বর্তমানে গ্রেপ্তারকৃতরা থানা হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে। মেডিকেল রিপোর্টের ভিত্তিতে ঘটনার সত্যতা ও জড়িতদের সংখ্যা নিশ্চিত করা হবে।
ভোরের আকাশ/নি. ব