গুড়ায় মেধাবী ও অসচ্ছল ১৫০ শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান

দূরত্বের কারণে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের বাধা দূর করা এবং ঝরে পড়া রোধের লক্ষ্যে বগুড়ায় ১৫০ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)-এর সামাজিক দায়বদ্ধতাভিত্তিক সংস্থা ‘এমটিবি ফাউন্ডেশন’।
ব্যাংকটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তাদের সিএসআর কর্মসূচির অধীন 'স্বপ্নসারথী' (The Dream Chariot) প্রজেক্টের আওতায় আজ বুধবার বগুড়া জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া শাখা ও সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সুনির্দিষ্ট যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন ব্যাংকের শিক্ষাখাত ও তরুণ জনগোষ্ঠীর সুবিধার্থে নেওয়া সামাজিক উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "দেশের ভালো ও প্রতিষ্ঠিত ব্যাংকগুলো যদি শিক্ষাক্ষেত্রে এ ধরনের উৎসাহমূলক কাজে এগিয়ে আসে, তবে তা আগামীদিনের সুশিক্ষিত সমাজ গড়ার পথকে আরও সুগম করবে।"
অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান বলেন, "বগুড়ায় স্কুল শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং নিয়মিত যাতায়াত সহজ করতে এমটিবি ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের স্পন্সর হিসেবে যুক্ত থাকার পর এবার শিক্ষা ক্ষেত্রে এই অনুদান প্রদান করল ব্যাংকটি।"
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "পড়াশোনার পাশাপাশি সড়কে ডান-বাম দেখে সাবধানে চলাচল করতে হবে। নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে শারীরিক ফিটনেস বজায় রাখারও সুযোগ তৈরি হবে।" একইসঙ্গে অন্যান্য ব্যাংক, আর্থিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকেও সিএসআর কার্যক্রমের আওতায় এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কর্মসূচির লক্ষ্য ও প্রেক্ষাপট তুলে ধরে এমটিবি ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার সামিয়া চৌধুরী বলেন , "এমটিবি ফাউন্ডেশন তাদের সিএসআর পলিসির আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। শিক্ষা ক্ষেত্রে আমাদের অন্যতম প্রধান ফ্ল্যাগশিপ প্রজেক্ট 'স্বপ্নসারথী'-র মূল উদ্দেশ্যই হলো 'স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়'।
গত তিন-চার বছর ধরে দেশের ২৫টিরও বেশি স্থানে প্রান্তিক ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়ে আসছে।"
জেলা প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
ভোরের আকাশ/সু.পা