ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে গুরুত্বারোপ এমপি আবু সুফিয়ানের

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত যোগ্য ব্যক্তিদের আর্থিক সহায়তা দিতে সরকার স্বচ্ছ ও যাচাইভিত্তিক পদ্ধতিতে কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তাঁর মতে, তথ্য সংগ্রহ ও উপকারভোগী বাছাইয়ের প্রতিটি পর্যায়ে যথাযথ যাচাই-বাছাই করা হলে অনিয়মের আশঙ্কা থাকবে না।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম নগরের ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে শহর সমাজসেবা কার্যালয়-১, চট্টগ্রাম।
আবু সুফিয়ান বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে কারা আর্থিক সহায়তা পাওয়ার উপযুক্ত, তা নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে তথ্য সংগ্রহ থেকে চূড়ান্ত তালিকা তৈরি পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কোনো রাজনৈতিক দলের স্বার্থে পরিচালিত কর্মসূচি নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে জনকল্যাণে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়, মতাদর্শ, ধর্ম কিংবা বর্ণের কোনো প্রভাব থাকা উচিত নয়। বরং প্রকৃত প্রয়োজন ও যোগ্যতার ভিত্তিতে নাগরিকদের নির্বাচন করতে হবে।
কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য বলেন, সঠিক তথ্য নিশ্চিত করা এবং নিরপেক্ষভাবে যাচাই-বাছাই সম্পন্ন করতে সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। যথাযথভাবে দায়িত্ব পালন করা গেলে কর্মসূচির মূল উদ্দেশ্য বাস্তবায়ন সহজ হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, সংগঠনটির সদস্য আনোয়ার হোসেন লিপু এবং চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক উর্বশী দেওয়ান।
চট্টগ্রাম শহর সমাজসেবা কার্যালয়-১-এর সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন সভাটি সঞ্চালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রাশেদ চৌধুরী, সদস্যসচিব সরওয়ার আলম এবং চট্টগ্রাম সিএমএম আদালতের প্রবেশন কর্মকর্তা মঞ্জুর মোরশেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভোরের আকাশ/সু.পা