শ্রীপুরে ভূমি সেবা মেলার উদ্বোধন

"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ' এ প্রতিপাদ্যের উপর ভিত্তি করে গাজীপুরের শ্রীপুরে উদ্বোধন করা হলো ৩ দিন ব্যাপি ভূমি সেবা মেলার।
গাজীপুরে -৩ আসনের সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু এ মেলার উদ্বোধন করেন। এসময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ভুঁইঞার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু। উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিসিএ এর সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এই মেলার মাধ্যমে নাগরিকরা কোনো প্রকার ভোগান্তি ছাড়া দ্রুততম সময়ে বিভিন্ন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা গ্রহণ করতে পারবেন। মানুষের ভোগান্তি লাগবে প্রযুক্তি নির্ভর সচ্ছ সেবা দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঁইঞা জানান,এ মেলার মাধ্যমে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে নাগরিকদের সম্যক ধারণা দেওয়া হবে। শ্রীপুরের মানুষ মেলা প্রাঙ্গণ থেকেই তাৎক্ষণিকভাবে বিভিন্ন আবেদন করতে পারবে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদুল ইসলাম জানান,ভূমি সেবা মেলায় স্থাপিত বিভিন্ন স্টল থেকে নাগরিকদের land.gov.bd পোর্টালে নতুন নাগরিক নিবন্ধন ও অ্যাকাউন্ট খোলার সহায়তা দেওয়া হবে।
অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন দেওয়া হবে।ই-নামজারি (মিউটেশন) সংক্রান্ত নতুন আবেদন গ্রহণ ও খোঁজখবর নিতে পারবে।
খতিয়ানের (পরচা) সার্টিফাইড বা সত্যায়িত কপির জন্য আবেদন করতে পারবে।ভূমি সংক্রান্ত বিভিন্ন ফি বা কর ডিজিটাল মাধ্যমে পরিশোধের বিষয়ে অবহিত করা হবে।
আগামী তিন দিন মেলাতে স্টলগুলো জনসাধারণের জন্য সক্রিয় থাকবে।
ভোরের আকাশ/এনউব