বকশীগঞ্জ ও মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে এসব হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে মাহিদুল গাজী (৩) এবং মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে ইয়ামিন (দেড় বছর)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাহিদুলের মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে পরিবারের অজান্তে শিশু মাহিদুল বাড়ির পাশের বিলে পড়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে বিলের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নে একই ধরনের আরেকটি দুর্ঘটনা ঘটে। সকালে ইয়ামিন বাড়ির উঠানে খেলছিল, আর তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বাড়ির পাশে মাটি কাটার ফলে তৈরি হওয়া একটি গর্তে বৃষ্টির পানি জমে ছিল। খেলতে খেলতে অসাবধানতাবশত শিশুটি সেই পানিভর্তি গর্তে পড়ে যায়।
কিছুক্ষণ পর ইয়ামিনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে গর্তের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
এদিকে, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এনউব