ঝিকরগাছায় দুই ভ্যান নিয়ে উধাও স্বামী, থানায় স্ত্রীর অভিযোগ

যশোরের ঝিকরগাছায় জুয়া খেলার টাকা জোগাড় করতে ভ্যান ভাড়া নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ভ্যানচালকের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীসহ চারজনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্ত্রী সুমি খাতুন (২৬)।
অভিযোগে সুমি খাতুন উল্লেখ করেন, তার স্বামী ইউসুফ (২৯) ঝিকরগাছা উপজেলার কাটাখাল গ্রামের হুমায়ুন কবীরের ছেলে এবং পেশায় ভ্যানচালক। তিনি দীর্ঘদিন ধরে জুয়া খেলায় আসক্ত। এর আগেও মানুষের কাছ থেকে ভ্যান ভাড়া নিয়ে তা বিক্রি করে জুয়া খেলায় অর্থ ব্যয় করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সকাল ৮টার দিকে ইউসুফ বারবাকপুরের ইসলাম ও কাটাখালের মোড়ের সোহানের কাছ থেকে পৃথকভাবে দুটি ভ্যান ভাড়া নেন। পরে ভ্যান দুটি নিয়ে তিনি অজ্ঞাত স্থানে চলে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্বামীর সন্ধান না পেয়ে পরদিন ২ অক্টোবর বিকেলে সুমি খাতুন তার শ্বশুর হুমায়ুন কবীর (৫০), শাশুড়ি কল্পনা বেগম (৪৮) এবং ইমান আলী (৩৫)-এর কাছে গিয়ে ইউসুফের বিষয়ে জানতে চান। অভিযোগে বলা হয়, এ সময় তারা তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হুমকি দেন।
অভিযোগ অনুযায়ী, নিখোঁজ দুটি ভ্যানের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় স্বামীসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন সুমি খাতুন।
ঝিকরগাছা থানার অভিযোগের দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই সবুজ বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইউসুফকে দ্রুত আটকের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/ এনউব