সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিক সমাবেশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ করেছে জেলার সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে ডিবি রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন। পাশাপাশি সারাদেশে সাংবাদিক নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানান।
গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাভেদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা কে.এম. রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সিনিয়র সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য ফিরোজ কবির মিলন, খায়রুল ইসলাম, রিক্তু প্রসাদ, লাল চান বিশ্বাস, সময় টিভির এসএম বিপ্লব ইসলাম, প্রতিদিনের কাগজের প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিন, সাংবাদিক জান্নাতুল ইসলাম নাঈম, শাহীন নূরী প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা কুপিয়ে হত্যা করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে।
ভোরের আকাশ/জাআ