তাড়াইলে মাদরাসায় শিক্ষা প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঐতিহ্যবাহী রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসায় শিক্ষা প্রদর্শনী, বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার পরিচালক এবং চট্টগ্রাম নূরানী তালীমুল কুরআন বোর্ডের প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার পরিচালক ও রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসার সভাপতি মাওলানা ফয়েজ উদ্দিন, সেকান্দর নগর সাহেব বাড়ি মাদরাসার পরিচালক মাওলানা সৈয়দ আবু সায়েম, দড়িজাহাঙ্গিরপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার পরিচালক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শাহেদ এনাম, রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুন হাসান এবং মো. মহসিন খান।
এ ছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে শিক্ষা প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান ও সুপ্ত প্রতিভা তুলে ধরে। পরে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এরপর অভিভাবক সম্মেলনে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক বিকাশ এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
আয়োজক ও উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের মেধা ও মননের সার্বিক বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/সু.পা