কোনো অপশক্তি জনগণের অর্জন কেড়ে নিতে পারবে না: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ যে গণতান্ত্রিক অধিকার অর্জন করেছে, কোনো অপশক্তির পক্ষে তা কেড়ে নেওয়া সম্ভব নয়। জনগণের পাশে থেকে সব ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
আবু সুফিয়ান বলেন, পরাজিত শক্তি জনরোষ ও জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তবে বাংলাদেশে সংঘটিত অন্যায়, অপরাধ ও হত্যাকাণ্ডের বিচার আইন অনুযায়ী হতে হবে। কোনো অপরাধের বিচার থেকে কেউ রেহাই পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অনেক ত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। এই অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের অপশক্তি যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক করে আবু সুফিয়ান বলেন, কোথাও গোপন তৎপরতা, সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।
তিনি বলেন, ‘আমরা কোনো অপশক্তির হুমকি-ধমকিতে ভীত নই। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে আমরা কাজ করব।’
বিএনপির অতীত রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, বিভিন্ন সময়ে দলের নেতা-কর্মীদের সভা-সমাবেশ করতে বাধা দেওয়া, মামলা ও গ্রেপ্তারের মতো ঘটনা ঘটেছে বলে বিএনপি অভিযোগ করে আসছে। তবে বিএনপি সেই একই ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যেতে চায় না। জনগণের সমর্থন নিয়ে গণতান্ত্রিক ও রাজনৈতিকভাবেই প্রতিপক্ষের মোকাবিলা করার কথা বলেন তিনি।
আবু সুফিয়ান আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে দলের চেয়ারম্যান তারেক রহমান একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কোনো অপশক্তির কারণে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না।’
সমাবেশে সভাপতিত্ব করেন ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজি ইমরান উদ্দিন। সঞ্চালনা করেন সদস্যসচিব মহিউদ্দিন মিজান। বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
এ ছাড়া বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ইসমাঈল বাবুল, গণশিক্ষাবিষয়ক সম্পাদক ইব্রাহিম বাচ্চু, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিন মাহমুদ, বিএনপি নেতা মো. সেকান্দর, আব্দুর রহিম, আব্দুল কাদের, রাজা মিয়া ও আরিফুল হক ডিউকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ শেষে বাকলিয়া এক্সেস রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চকবাজার ধনিয়ারপুল এলাকায় গিয়ে শেষ হয়।
ভোরের আকাশ/ ইউএম