জাহাপুরে ইউনিয়ন পরিষদে মাদকবিরোধী সমাবেশ

ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম বাচ্চুর উদ্যোগে রোববার বিকেলে উপজেলার কারণ্যপুর মাদ্রাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক মোল্লা, কানাইলাল গাঙ্গুলি, রুবেল শেখ, যতীন্দ্রনাথ দাস, জাফর শেখ, মো. হারুন, আবুল কালাম, শহীদ পাঠান ও মুন্নু মিয়াসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বক্তব্য দেন। তারা বলেন, মাদকের বিস্তার শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসনিক পদক্ষেপই যথেষ্ট নয়; এর বিস্তার রোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
ভোরের আকাশ/সু.পা