গোপালগঞ্জে প্রতিপক্ষের আঘাতে প্রাণ হারালেন বৃদ্ধা মা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈত্রিক জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করার জেরে প্রতিপক্ষের নৃশংস হামলার শিকার হয়েছেন মোঃ মহিবুল্লাহ শেখ ও তার পরিবার।
এই হামলায় মহিবুল্লাহ শেখ গুরুতর আহত হলেও হাসপাতালে নেওয়ার পর তার মাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা।
জানা গেছে, সংবাদ সম্মেলনে ক্ষিপ্ত হয়ে আজ রবিবার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষ আব্দুল কাদের ও তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহ শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
হামলায় মহিবুল্লাহ শেখ ও তার মা মারাত্মকভাবে জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মহিবুল্লাহর মাকে মৃত ঘোষণা করেন।
মারাত্মক আহত অবস্থায় মহিবুল্লাহ শেখ বর্তমানে গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভোরের আকাশ/নি. ব