বগুড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলক্রসিং-এ ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ১ জন।
বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল বামনীগ্রামের নয়ন হোসেনের ছেলে তৌফিক হোসেন (১৮) ও হেলাল হোসেনের ছেলে মারুফ হোসেন (১৮)। আহত একই গ্রামের রহিম উদ্দিন ছেলে আকাশ হোসেন (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলযোগে তিন যুবক ছাতিয়ানগ্রাম বাজার থেকে আদমদীঘির দিকে যাচ্ছিলেন। ছাতিয়ানগ্রাম রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চিলাহাটিগামী চিলাহাটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলসহ তিন মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান অপর একজন গুরুতর আহত হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রেলওয়ে থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ