নওগাঁয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, মণ্ডপে চলছে সাজসজ্জা

আর মাত্র সাত দিন পরই শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে নওগাঁয় চলছে ব্যাপক প্রস্তুতি। জেলার পূজামণ্ডপগুলোতে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ চলছে। দেবী দুর্গাসহ অন্যান্য দেবদেবীর প্রতিমায় রং-তুলির শেষ আঁচড় দিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা।
প্রতিমার মাটির কাজ শেষ করে এখন চলছে রং করা, সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজ। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা। কোথাও প্রতিমার মুখমণ্ডলে রং করা হচ্ছে, আবার কোথাও তৈরি করা হচ্ছে দেবীর বাহন ও অন্যান্য দেবদেবীর প্রতিমা।
পূজার সময় ঘনিয়ে আসায় কারিগরদের কাজের চাপও বেড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে ব্যস্ত তাঁরা। অন্যদিকে, পূজামণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও সার্বিক আয়োজন সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছেন আয়োজকেরা।
প্রতিমা তৈরির কারিগর সুভোল দাশ ও চন্দ্রন কুমার বলেন, প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। এখন পুরোদমে চলছে রং-তুলির কাজ ও প্রতিমা সাজানোর প্রস্তুতি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তাঁরা ব্যস্ত সময় পার করছেন।
নওগাঁ হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট বিশ্বজিৎ কুমার সরকার বলেন, এ বছর নওগাঁ জেলায় ৮৩১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উদ্যাপনের জন্য সরকার প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত অনুদান দিয়েছে।
নওগাঁর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, এ বছর জেলাজুড়ে ৮৩১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন, যাতে নির্বিঘ্নে পূজা উদ্যাপন করা যায়।
সব মিলিয়ে দুর্গাপূজাকে ঘিরে নওগাঁয় বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতিমা তৈরির কাজ শেষ করে পূজামণ্ডপগুলোকে সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে। এখন অপেক্ষা পূজার আনুষ্ঠানিকতা শুরুর।
ভোরের আকাশ/সু.পা