শ্রীপুরে রেল চালকের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

গাজীপুরের শ্রীপুরে রেল চালকের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে শ্রীপুর স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
জানা যায়, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৭৭/৭৭৮) বুধবার দুপুর সোয়া ১টায় শ্রীপুর রেলওয়ে স্টেশনে ক্রসিংয়ের জন্য থামে। ট্রেনটি থামার পর শ্রীপুর থেকে ঢাকা যাওয়ার জন্য কয়েকজন যাত্রী উঠে। তারা ইঞ্জিনের সামনের অংশে বসেন। এসময় ট্রেন চালক তাদের কাছ থেকে ঘুষ হিসেবে ৫০ টাকা করে আদায় করেন। ঘটনাটি সাংবাদিকদের নজরে এলে তার ভিডিও ধারণ করে।

ঘটনাটির বিষয়ে সাংবাদিকরা চালককে প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে রেলওয়ে কর্মকর্তাদের উদ্দেশ্যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উচ্চস্বরে বলেন, "আপনারা আমার কিছুই করতে পারবেন না। রেলওয়ের লোকজনও না। যা পারেন করেন। ইঞ্জিনে সবাই আসা-যাওয়া করে।"

যাত্রীদের দাবি, তারা জনপ্রতি ৫০ টাকা করে দিয়েছেন। এক যাত্রী বলেন, "আমরা শ্রীপুর থেকে কমলাপুর যাচ্ছি।আমরা প্রত্যেকে ৫০ টাকা করে নিয়েছি।
পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে ওঠে যখন চালকের নাম ও পরিচয় জানতে চাওয়া হলে তিনি জানাতে অস্বীকৃতি জানান এবং জানালা বন্ধ করে দেন। পাশে থাকা সহকারী চালকও বিষয়টি এড়িয়ে যান এবং বলেন, "আপনারা চাইলে তাদের নামিয়ে দিন।"
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, "ট্রেনের ইঞ্জিনে যাত্রী বহন সম্পূর্ণ অবৈধ। সেটি আবার টাকার বিনিময়ে হলে তা আরও গুরুতর অপরাধ।
বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের একান্ত সচিব মো: নাসির উদ্দীন বলেন,টাকার বিনিময়ে ইঞ্জিনের সামনে বসিয়ে যাত্রী নেওয়ার কোন সুযোগ নেই। সঠিক তথ্য সহ প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/মো.আ.