যবিপ্রবিতে সপ্তাহব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প উদ্বোধন

বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষে গত সোমবার (৭ সেপ্টেম্বর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সপ্তাহব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা ক্যাম্পের উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী দিনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ কর্তৃক ডা. এম. আর. খান মেডিকেল সেন্টারে আয়োজিত ফ্রী ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্পে শতাধিক পক্ষাঘাতগ্রস্ত রোগীকে বিনামূল্যে বিশ্বমানের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান।
চলতি বছরের বিশ্ব ফিজিওথেরাপি দিবসের মূল প্রতিপাদ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের ক্যাম্পেইনের সাথে একাত্মতা প্রকাশ করে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সুস্বাস্থ্য ও পুনর্বাসনে ফিজিওথেরাপির অপরিহার্য অবদান তুলে ধরতে যবিপ্রবির এই আয়োজন।
ভোরের আকাশ/ এনউব