মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারকালে আটক ৯

কক্সবাজারের টেকনাফ উপকূলে মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারের সময় ৯ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা, বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে আনছে এবং বিনিময়ে সিমেন্ট পাচার করছে। ওই তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৯টায় কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন একটি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মাদকের বিনিময়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত প্রায় ২ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় ট্রলারসহ ৯ জন চোরাকারবারিকে আটক করে কোস্ট গার্ড। জব্দকৃত বোট, সিমেন্ট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, চোরাচালান ও মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করবে।
ভোরের আকাশ/এসএইচ