কুলিয়ারচরে ৪০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ আরিফ ওরফে রনি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি Toyota Probox গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে সিপিসি-২, র্যাব-১৪।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে ভৈরব থেকে আসা একটি Toyota Probox গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা আরিফ ওরফে রনিকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করা হলে তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্য ও দেখানো মতে, গাড়ির ব্যাগ রাখার স্থানে গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত Toyota Probox গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আরিফ ওরফে রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।