রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. আবু হানিফ খান ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের মো. আইয়ুব আলী মণ্ডল পান ২০ ভোট।
সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে মো. ওমর ফারুক খান জুবায়ের ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইট প্রতীকের মো. রফিকুল ইসলাম পান ২৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে মো. ফরিদুল ইসলাম ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী চিমনি প্রতীকের মো. ইমরান হোসেন পান ২৪ ভোট।
এ ছাড়া সহসভাপতি পদে মো. আব্দুল হালিম খান এবং অর্থ সম্পাদক পদে মো. রবিউল আলম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ৫১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকেই ভোটকেন্দ্রে ইটভাটা মালিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়।
পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা ও সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মোত্তালেব শেখ।
ভোরের আকাশ/ এনউব