কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

জীবিকার তাগিদে প্রতিদিনের মতো কাজ করতে বের হয়েছিলেন দুই শ্রমিক।
পরিবারের স্বপ্ন পূরণে বিদ্যুতের লাইনে কাজই ছিল তাদের জীবনের অবলম্বন। কিন্তু সেই কর্মস্থলই হয়ে উঠল তাদের শেষ ঠিকানা।
রোববার (৫ জুলাই) সকাল সারে ১১টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের মেরামত কাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান দুই শ্রমিক। নিহতরা হলেন সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন না করেই মেরামতের কাজ শুরু করেন তারা। একপর্যায়ে হঠাৎ বিদ্যুতের স্পর্শে দুজনই গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এক মুহূর্তেই দুটি পরিবার হারাল তাদের উপার্জনক্ষম মানুষকে। হাসপাতালে স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রিয়জনকে হারানোর সেই বেদনায় শোকের ছায়া নেমে আসে পুরো এলাকাজুড়ে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একটি অসতর্ক মুহূর্ত, দুটি তাজা প্রাণের অবসান ফিরে এল শুধু নিথর দেহ, আর রেখে গেল অসংখ্য অশ্রু ও অপূরণীয় শূন্যতা।
ভোরের আকাশ/ র.ই