মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

বিচার কার্যক্রমের গতি বৃদ্ধি, তদন্ত ও বিচার প্রক্রিয়ার মধ্যে কার্যকর সমন্বয় জোরদার এবং জনগণের জন্য দ্রুত ও মানসম্মত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন মাগুরার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
কনফারেন্সে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, তদন্তাধীন মামলার অগ্রগতি, সাক্ষীদের আদালতে হাজিরা নিশ্চিতকরণ, ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্ট প্রাপ্তি, ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন, মাদকসংক্রান্ত মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা এবং বিচারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, জনগণের সাংবিধানিক অধিকার হিসেবে ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের মধ্যে নিবিড় সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তদন্তের মানোন্নয়ন, সাক্ষীদের সময়মতো আদালতে উপস্থিতি নিশ্চিত করা, আলামত সংরক্ষণ ও যথাযথভাবে উপস্থাপন এবং প্রয়োজনীয় প্রতিবেদন দ্রুত প্রাপ্তির ওপর গুরুত্বারোপ করেন।
কনফারেন্সে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রানী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা আক্তারসহ বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কনফারেন্সে বিচারপ্রক্রিয়া আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
ভোরের আকাশ/ র.ই