ওসমানী হাসপাতালে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ভিডিও ধারণ করতে গেলে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ-২৪ ডটকমের নিবেন্দু তালুকদার। রেজা রুবেলের অভিযোগ, ভিডিও ধারণের সময় তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়।
কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির জানান, রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রাতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন সিলেটের সাংবাদিকরা। এতে সিলেট প্রেস ক্লাব, সিলেট জেলা প্রেস ক্লাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে সাংবাদিক নোবেল চৌধুরী, হাবিব সরোয়ার আজাদ, সাংবাদিক শহিদুল ইসলাম সোহেল, আব্দুল মালিকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
ভোরের আকাশ/সু.পা