ডোমারে ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাকির ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ডোমার থানার সীমান্ত পিলার ৭৭৮/৮-এস থেকে প্রায় ১ হাজার ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌরাঙ্গী মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। বালাপাড়া বিওপির টহলদল সুবেদার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেট নিয়ে মোটরসাইকেলযোগে চৌরাঙ্গী মোড় এলাকায় আসছেন। পরে সেখানে অবস্থান নেয় বিজিবির টহলদল। ভোর সাড়ে ৪টার দিকে সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলযোগে সেখানে পৌঁছালে তাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
আটক জাকির ইসলাম ডোমার উপজেলার গোমনাতি এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবির হিসাবে উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা এবং মোটরসাইকেলের মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। জব্দ করা মালামালের মোট মূল্য ১ লাখ ১৩ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অবৈধ চোরাচালান ও বিস্তার রোধে তাদের মাদকবিরোধী অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/আ.র