সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ ব্যানার টানালো নিষিদ্ধ ছাত্রলীগ

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার টানিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ছাত্রলীগ নেতা নাহিদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় স্বাধীনতা চত্বরের আগের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ ঘোষণা করা হয় এবং সেখানে নতুন নামের ব্যানার টানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে দুটি মোটরসাইকেলে করে ৫ থেকে ৬ জন ব্যক্তি স্বাধীনতা চত্বরে উপস্থিত হন। তাদের প্রত্যেকের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। একপর্যায়ে স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তারা। এ সময় তাদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতেও শোনা যায়।
হঠাৎ করে জনবহুল এলাকায় এমন কর্মকাণ্ডে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, খবর পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ব্যানারটি নামানো হয়েছে। এরমধ্যে দুজনকে সনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা