তিন দিনে কলা পাকানোর অভিযোগ, সালথায় ব্যবসায়ীর দোকানে প্রশাসনের অভিযান

ফরিদপুরের সালথায় রাসায়নিক স্প্রে প্রয়োগ করে মাত্র তিন দিনে কাঁচা কলা পাকিয়ে বাজারজাত করার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার একটি কলার দোকানে অভিযান চালিয়ে স্প্রে করার বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দোকান ফেলে পালিয়ে যান অভিযুক্ত ব্যবসায়ী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দোকানে তল্লাশি চালিয়ে কলায় রাসায়নিক স্প্রে করার বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, সেকেন শেখ নামে ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে কাঁচা কলা সংগ্রহ করে রাসায়নিক স্প্রে প্রয়োগের মাধ্যমে দ্রুত পাকিয়ে বাজারজাত করে আসছিলেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, স্বাভাবিকভাবে কলা পাকতে যেখানে কয়েক দিন সময় লাগে, সেখানে রাসায়নিক প্রয়োগ করে মাত্র তিন দিনের মধ্যেই বিক্রির উপযোগী করা হতো। বাইরে থেকে কলাগুলো দেখতে পাকা ও আকর্ষণীয় মনে হলেও এতে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এলাকার বাসিন্দা এনামুল শেখ বলেন, কৃত্রিম উপায়ে স্প্রে করে পাকানো কলা স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ, তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। না জেনে সাধারণ মানুষ এসব কলা কিনে খাচ্ছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী সেকেন শেখ বলেন, এই কলা আমি নিজেও খাই এবং আমার পরিবারকেও খাওয়াই। এখন পর্যন্ত কারও কোনো সমস্যা হয়নি। তবে আমার ভুল হয়েছে, ভবিষ্যতে আমি আর এই ব্যবসা করব না।
অভিযান শেষে ইউএনও দবির উদ্দিন সাংবাদিকদের বলেন, অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে দোকানদার পালিয়ে যান। পরে তার দোকানে তল্লাশি চালিয়ে কলায় স্প্রে করার বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। কলা দ্রুত পাকাতে ঠিক কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হতো, তা নিশ্চিত হতে আলামত সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বিষয়টি তদন্ত করে জড়িতদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/আ.র