বেওয়ারিশ লাশের ওয়ারিশ 'ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর'

বেওয়ারিশ লাশ দাফনের প্রতিষ্ঠান 'ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর' এর উদ্যোগে আরও একজন অজ্ঞাত যুবকের লাশের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে তাকে দাফন করা হয়। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর উদ্যোগে ২৫০জন বেওয়ারিশ লাশের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
এর আগে, গত রোববার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় অজ্ঞাতনামা (৩০) এক যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে তাকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সরকারি অ্যাম্বুল্যান্সে করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঐদিন দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
পরবর্তীতে যুবকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। নিহতের পরিচয় শনাক্তের লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে যাচাই-বাছাই করলেও তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। যুবকের পরিচয় শনাক্ত হয়নি বলে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর -এর উদ্যোগে অজ্ঞাত বেওয়ারিশ লাশ হিসেবে দাফন কাজ সম্পন্ন করা হয়।
"ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর" এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন ভোরের আকাশকে বলেন, 'আলহামদুলিল্লাহ্,
এখন পর্যন্ত আমরা ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর উদ্যোগে ২৫০টি বেওয়ারিশ লাশ দাফন কাজ সম্পন্ন করেছি। নানারকম প্রতিবন্ধকতা থাকার পরও আমরা বেওয়ারিশ লাশ নিয়ে কাজ করে যাচ্ছি'। পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
ভোরের আকাশ/ র.ই