গাজীপুরে শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
মঙ্গলবার (১৯ মে) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দির প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা আগামী ২১ মে পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। জাতীয় পর্যায়ে ঢাকায় উদ্বোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে গাজীপুরেও আঞ্চলিকভাবে এ কর্মসূচির সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।
সকালে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মেলায় মোট ১০টি স্টল অংশ নিয়েছে, যেখানে ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।
মেলা উপলক্ষে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ছয় ব্যক্তির হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন প্রধান অতিথি এম. মঞ্জুরুল করিম রনি। পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাকিব হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, গাজীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, টঙ্গী সার্কেল সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, জেলা রেজিস্ট্রার কার্যালয়, জেলা প্রশাসকের এসএ শাখা ও ভূমি অধিগ্রহণ শাখাসহ বিভিন্ন সরকারি দপ্তর।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “ভূমি ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজে ভূমিসেবা পেতে পারেন, সে জন্য সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, ই-নামজারি, অনলাইন খতিয়ান ও ডিজিটাল ভূমিসেবার মাধ্যমে মানুষ দ্রুত ও সহজে সেবা পাচ্ছে। এ কার্যক্রমকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ভোরের আকাশ/এনএস