রংপুরে ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১

রংপুর নগরীর সিওবাজার এলাকায় একটি এলপিজি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় সোহাগ (৩৫) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০জন। শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সিও বাজারের এলপিজি অটো গ্যাস সেন্টারে মেরামতের কাজ চলাকালে হঠাৎ গ্যাস ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংক ও যন্ত্রপাতি ছিটকে পড়ে। আশপাশে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। রংপুর-দিনাজপুর মহাসড়কে চলাচলকারী দুটি বাসও আঘাতপ্রাপ্ত হয়।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, স্টেশনটি মেরামতের জন্য বন্ধ ছিল। ট্যাংকে লিকেজ থাকায় অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ ঘটে। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে ফিলিং স্টেশনে থাকা বেশ কয়েকটি গাড়ি ও আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে গেছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, বিস্ফোরণে আহত একজন পুরুষ (৪৫) হাসপাতালে মারা গেছেন। তাঁর নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভোরের আকাশ/এসএইচ