পোরশায় রিং জাল বসানো নিয়ে বিরোধ, মাথায় আঘাতে যুবকের মৃত্যু

নওগাঁর পোরশায় মাটিকাটা নদীতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সেলিম রেজা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১ টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা পোরশা উপজেলার পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামের মো. নুর বক্তের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাটিকাটা নদীতে মাছ ধরার রিং জাল বসানো নিয়ে সেলিম রেজার সঙ্গে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিমের (২৫) কথা-কাটাকাটি হয় । একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে সেলিম রেজার মাথায় শক্ত বস্তু দিয়ে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে । এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. এবাদুল হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/ এনউব