ফ্যাসিস্টদের অংশগ্রহণে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। বাংলাদেশে যারা আগামীতে রাজনীতি করতে চান আমরা স্পষ্ট করে বলি, ভারতের আশীর্বাদপুষ্ট হয়ে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। এই বাংলাদেশে যারা চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে, সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, এনসিপি নির্বাচনের পক্ষে, তবে এর আগে মৌলিক সংস্কার, বিচার ও গণপরিষদের মাধ্যমে আমরা নতুন সংবিধান চেয়েছি। দেশে এত বড় গণহত্যা হলো, হাজারের অধিক মানুষকে খুন করা হলো। আমরা তাদের দৃশ্যমান বিচার দেখতে চাই। বিশেষ করে ফ্যাসিবাদি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কালপ্রিটদের বিচার দেখতে চাই। বিচার না হওয়া পর্যন্ত শুধুমাত্র নির্বাচন চেয়ে গণঅভ্যুত্থানকে পেছনে ফেলে দেশের মানুষ ভালোভাবে নেবে না।
তিনি আরও বলেন, আমরা চাই নির্বাচন হোক। তবে সেটা জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। এবং গণপরিষদ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা এসে সংবিধান সংশোধন করুক।
এনসিপি নেতা আখতার হোসেন প্রসঙ্গে বলেন, বিদেশের মাটিতে আখতার হোসেনকে হেনস্তা করা হয়েছে। তাসনীম জারা, ফখরুল ইসলাম আলমগীরের সাথে খারাপ আচরণ করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি। বিদেশের এই সফর সুন্দরভাবে সাজানো হয়নি। একই প্রটৌকলে সবাইকে নেয়া উচিত ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে এখানে। এরা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। সরকার চাইলে এসবের বিচার করতে পারে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এহতেশাম হক, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও অঞ্চল তত্ত্বাবধায়ক প্রীতম দাস, জেলা এনসিপির যুগ্ম আহবায়ক আবু সালেহ মোহাম্মদ নাসিম প্রমুখ।
ভোরের আকাশ/জাআ