সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু জবাই করা ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী মোতালেব শেখকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
আসামির উপস্থিতিতে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মোতালেব শেখ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ব্রাহ্মণবাগ গ্রামের মকছেদ আলীর ছেলে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গোলাম সরওয়ার খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার পরে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি সুত্রে জানাযায়, ২০২৩ সালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রক্ষনবাঘ গ্রামের মোতালেব শেখের সঙ্গে পার্শ্ববর্তী এরান্দহ গ্রামের আব্দুল আজিজ সরকারের মেয়ে রোজিনা খাতুনের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলোহ চলে আসছিলো। মোতালেব শেখ বিভিন্ন সময় তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
২০২৫ সালের ১১ জুন রোজিনা খাতুন বাবার বাড়ি থেকে শশুরবাড়ি যাওয়াকে কেন্দ্র করে মোতালেবের সাথে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এরই জেরে রাতে মোতালেব তার স্ত্রীকে গরু জবাই করা ছুরি দিয়ে গলাকেটে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনায় নিহতের পিতা আব্দুল আজিজ সরকার বাদী হয়ে মোতালেবকে আসামী করে মামলা দায়ের করেন। আজ এই মামলায় মোতালেব শেখকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।
ভোরের আকাশ/সু.পা